মঙ্গলবার ওয়াশিংটনে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখোমুখি হবে লেবানন ও ইসরায়েল
- আপডেট সময় : ০৫:৪৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
আগামী মঙ্গলবার ওয়াশিংটনে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখোমুখি হবেন লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ অউনের আহ্বানে এই বৈঠকে অংশ নিতে সম্মত হয়েছে তেলআবিব। তবে ইসরায়েল স্পষ্ট জানিয়েছে, তারা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে কোনো সংলাপে বসবে না।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানান, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের আলোচনা করার পরিকল্পনা নেই তাদের। তার দাবি, দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির পথে সবচেয়ে বড় বাধা এই সংগঠনটি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, হিজবুল্লাহ ইসরায়েলের ওপর ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে, ইসরায়েলের সঙ্গে বৈঠকের খবর প্রকাশের পর লেবাননের রাজধানী বৈরুতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের হামলা এখনও অব্যাহত রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের ব্যাপক বোমাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে এবং আহত হয়েছেন অন্তত ১ হাজার ২২৩ জন।

























