ভোটের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মন্ডলীর শেষ কর্মদিবস
- আপডেট সময় : ১১:১৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ভোটের আগে দায়িত্ব পালনের শেষ কর্মদিবসে বিদায় নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশেষ সহকারীরা। অধিকাংশ উপদেষ্টা কূটনৈতিক বা লাল পাসপোর্ট জমা দিয়ে নতুন পাসপোর্ট নিতে সচিবালয় পাসপোর্ট অফিসে আবেদনও করেন। কয়েকজন উপদেষ্টা ব্যক্তিগত সম্পদের হিসাবও জমা দেন মন্ত্রিপরিষদ বিভাগে। বিদায় বেলায় কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে উপদেষ্টাদের সাদরে বিদায় জানান। দীর্ঘ দেড় বছরের কর্মযজ্ঞ নিয়ে কেউ কেউ সাফল্যের গল্প শুনালেও আবার কেউ কেউ ব্যর্থতার কথাও স্বীকার করেন।
২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার-প্রধান, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর- ৮ আগষ্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে শপথ নেন ২০ উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে যোগ দেন ৮ জন বিশেষ সহকারী এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরো ৫ বিশেষ সহকারী।
আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার থেকেই দু’দিনের বিশেষ ছুটিসহ পরে শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায়, মঙ্গলবারই শেষ অফিস করেন উপদেষ্টারা। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ ফেব্রুয়ারির মধ্যে গঠিত হবে নতুন নির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদ। তাই মঙ্গলবার শেষ কর্মদিবসে দেড় বছরের দায়িত্বের ইতি টানেন উপদেষ্টারা।
এর আগে নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মযজ্ঞের নানা অভিজ্ঞতা শেয়ার করেন উপদেষ্টারা।
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকশেষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ নিজের কর্মকান্ডের জন্য নিজেকে ৭০ নম্বর দিয়ে জানান, বিগত দেড় বছরে দেশের অর্থনীতির ভীত মজবুত রাখতে শতভাগ চেষ্টা করেছেন। বলেন, অন্তর্বর্তী সরকার- পরবর্তী নির্বাচিত সরকারের জন্য অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা সেখ বশিরউদ্দীন সাফল্য-ব্যর্থতার প্রতিক্রিয়ায় জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তির ফলে বাংলাদেশের ৮৬ শতাংশ রপ্তানী পণ্যে শূণ্য শুল্ক সুবিধা আদায় বড় স্বার্থকতা।
গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ৩১ জানুয়ারিতেই সরকারি বাসা ছেড়ে দিয়ে কূটনৈতিক পাসপোর্টও জমা দিয়েছেন তিনি। নারী ও শিশুদের সুরক্ষায় অক্লান্ত পরিশ্রম করার কথা জানান উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
‘অন্তর্বর্তী সরকারের দেড় বছরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়’ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, হজযাত্রীদের জন্য ব্যয় কমাতে পারাই বড় সাফল্য।
এছাড়া, পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং ত্রাণ ও মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম শেষদিনে কর্মস্থল থেকে বিদায় নেন।
এর পাশাপাশি, ব্যক্তিগত সম্পদ বিবরণীর আয়কর রিটার্নও জমা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টারা।





















