এটিএমএ টাকার বিনিময়ে সুপেয় পানির যোগান দিচ্ছে ঢাকা ওয়াসা
- আপডেট সময় : ০২:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
নগরবাসীর জন্য শতভাগ নিরাপদ পানি সরবরাহে ব্যর্থতার দায় এড়াতে এটিএমএ টাকার বিনিময়ে সুপেয় পানির যোগান দিচ্ছে ঢাকা ওয়াসা।ফলে দ্বিগুণ খরচ গুনতে হচ্ছে ঢাকার বাসিন্দাদের। এ সুযোগে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। এতে নেতিবাচক প্রভাব পড়েছে বাসা বাড়ী, হোটেল ও রেষ্টুরেন্টে। বিশুদ্ধ পানি পেতে যান্ত্রিক ফিল্টারের ওপর নির্ভরশীল এখন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
রাজধানীতে ১০টি মডস জোনের মাধ্যমে পানির যোগান দেয় ঢাকা ওয়াসা। কিন্তু অনেক চেষ্টার পরেও নগরবাসীকে বিশুদ্ধ ও পরিষ্কার পানি সরবরাহে ব্যর্থ, প্রতিষ্ঠানটি।
সংকট উত্তরনে ২০১৬ সাল থেকে ওয়াসা ও যুক্তরাষ্ট্রের বেসরকারী সংস্থা-ড্রিংকওয়েল, যৌথভাবে রাজধানীর কয়েকটি এলাকায় মডস ও পাম্পগুলোর পাশে বসায় ওয়াটার এটিএম বুথ। এতে গভীর নলকূপের মাধ্যম পানি তুলে তিনটি ধাপে পরিশোধন করে একে পানযোগ্য করা হয়। তবে, সীমিত সংখ্যক বুথ, অপর্যাপ্ত পানি এবং বিনামুল্যে না পাওয়ায়- সুফল বয়ে আনেনি এই উদ্যোগ।
রায়েরবাজার টালি অফিস পানির পাম্প ও ফকিরাপুল এটিএম বুথে ৪০ পয়সা লিটারে বিক্রি হচ্ছে সুপেয় পানি। দৈনিক ১২শ থেকে ১৫শ টাকার পানি বিক্রি হচ্ছে বুথগুলোতে। ওয়াসার লাইনের পানি বিশুদ্ধ না হওয়ায় এটিএম বুথের দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ।
নগরবাসী বলছেন, দুষিত ওয়াসার পানিতে স্বাস্থ্য ঝুঁকি থাকায় বোতলজাত মিনারেল পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা। এতে অতিরিক্ত খরচের ভোগান্তি পোহাতে হচ্ছে।
হোটেল, রেস্টুরেন্ট ও দোকানপাটে ভোক্তারা ওয়াসার পানি ব্যবহার না করায় নিরূপায় হয়ে বোতলজাত পানি সরবরাহ করতে বাধ্য হন মালিকরা।
পানি সংক্রান্ত জটিলতা নিরসন না করলে স্বাস্থ্যে বিভিন্ন ধরনের ঝুঁকিতে পড়ার আশঙ্কা চিকিৎসকের।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বক্তব্য দিতে রাজি হয়নি ওয়াসা।






















