ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অদক্ষ সরকারি প্রশাসন সবচেয়ে বড় সমস্যা : সিপিডি
- আপডেট সময় : ০৭:১৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অদক্ষ সরকারি প্রশাসনকেই সবচেয়ে বড় সমস্যা বলে মনে করেন এদেশের ব্যবসায়ীরা। ৭২ শতাংশ ব্যবসায়ী অদক্ষ সরকারি প্রশাসনকে শীর্ষ সমস্যা হিসেবে দেখছেন। তাঁদের দৃষ্টিতে দ্বিতীয় ও তৃতীয় বড় সমস্যা হলো যথাক্রমে দুর্নীতি ও অর্থায়নের পরিবেশ। ৬৮ শতাংশ ব্যবসায়ী দুর্নীতিকে এবং ৬৬ শতাংশ ব্যবসায়ী সীমিত অর্থায়নের সুযোগকে বড় সমস্যা হিসেবে দেখছেন।
বৃহস্পতিবার ২০২০ সালের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন ও বাংলাদেশ ব্যবসায় পরিবেশ সমীক্ষা প্রকাশ করা হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষে স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এটি প্রকাশ করেছে। এবারে করোনার কারণে অন্যান্য বছরের মতো বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকের রেঙ্কিং প্রকাশ করা হয়নি। তবে কোন দেশের কি সমস্যা তা জানতে ওই দেশের ব্যবসায়ীদের মতামত জরিপ করা হয়েছে। ডব্লিউইএফের পক্ষে বাংলাদেশে এই কাজটি করেছে সিপিডি। তারা ১০ কোটি টাকার ওপর সম্পদ আছে এমন ৫৫টি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের মতামত নিয়েছে। এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদন দুটি প্রকাশ করেছে সিপিডি। এতে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।















