বিভিন্ন জেলায় দুর্ভোগে পানিবন্দী হাজারো মানুষ
- আপডেট সময় : ০৪:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় বেড়েছে নদ-নদীর পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছে চর ও নিম্নাঞ্চলের হাজারো মানুষ। অনেক এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়ে খাদ্যের তীব্র সংকট।
কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দু’শতাধিক চর প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে অন্তত অর্ধ লক্ষাধিক মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, সকালে ধরলার পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ও ব্রক্ষপুত্র নদের পানি ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার প্রায় ১৪ হাজার হেক্টর জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
উজানের ঢল ও ভারি বর্ষণে টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী, ঝিনাই নদীসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলা সদর, ভূঞাপুর, কালিহাতী, নাগরপুর, বাসাইলসহ বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সেই সাথে শুরু হয়েছে নদী ভাঙন।
গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে স্থিতিশীল থাকলেও, কাজিপুরের মেঘাই ঘাটে বেড়েছে। দু’টি পয়েন্টেই পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক এলাকার বাড়ি-ঘর, রাস্তা-ঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
মানিকগঞ্জে গেল ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে ৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জেলার হরিরমাপুর, দৌলতদপুর, শিবালয় ও সাটুরিয়া এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরো পানি বৃদ্ধি পেয়েছে। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নে পানি প্রবেশ করেছে। গত ২৪ ঘন্টায় ২ সেন্টিমিটার বেড়ে সকালে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে বইছিল। একইহারে বাড়ছে ব্রহ্মপুত্রসহ শাখা নদীগুলোর পানিও। বন্যায় পরিস্থিতি মোকাবিলায় ৭৫টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।
বগুড়ায় যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার চরবেষ্টিত এবং তীরবর্তী কয়েকটি ইউনিয়নের ৭০টি গ্রামে পানি ঢুকেছে। এতে ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে ।
পাবনায় যমুনা নদীর পানি বাড়লেও অন্যান্য নদ নদীর পানি স্থিতিশীল অবস্থায় রয়েছে। ইতিমধ্য নদীর তীরবর্তী বিভিন্ন এলাকার সবজি ক্ষেত তলিয়ে গেছে। খাবার সংকট দেখা দিয়েছে এসব এলাকায়।





















