বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ
- আপডেট সময় : ০৫:১৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / ১৭৪২ বার পড়া হয়েছে
করোনাভাইরাস সংকটে বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। বাস-মিনিবাস ও আন্তঃজেলা সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে এই সংস্থাটি। সকালে বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে বিআরটিএ’র কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রতিটি বাসে আসনের অর্ধেক সংখ্যক যাত্রী বহন করতে পারবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। সোমবার থেকে বাস চলাচল শুরু হবে।
এদিকে বিদ্যমান ভাড়ায় আগামী কাল রোববার থেকে লঞ্চ চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। তবে ভাড়া বাড়বে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কারিগরি কমিটি গঠন করা হবে। করোনাভাইরাস সংকটের কারণে গত ২৬ মার্চ থেকে গণপরিবহন চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে সীমিত আকারে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়।






















