বঙ্গবন্ধু বিপিএলে বড় জয় পেয়েছে খুলনা টাইগার্স।
- আপডেট সময় : ১০:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলে বড় জয় পেয়েছে খুলনা টাইগার্স। ধুকতে থাকা সিলেটকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে মুশফিকের দল। আগে ব্যাট করে মিথুনের ৭২ রানে ৫ উইকেটে ১৪২ রানের পুঁজি পায় সিলেট। জবাবে সৌম্য ও ফ্লেচারের ব্যাটিং তাণ্ডবে ৩৪ বল হাতে রেখে জয় পায় খুলনা টাইগার্স।৭১ রানে অপরাজিত ছিলেন ফ্লেচার। ৪৩ রানে আউট হন সৌম্য সরকার।
ঢাকা-চট্টগ্রাম ঘুরে আবারও ঢাকায় বঙ্গবন্ধু বিপিএল। তবে, সব খানেই ব্যর্থতা সঙ্গী সিলেট সানরাইজার্সের। এবার হারের ব্যবধানটা আরও বড়। ৯ উইকেটে হেরে টেবিলের তলানিটা আরও মজবুত মোসাদ্দেকের দলের। বিপরীতে দাপুটে জয়ে দুই ম্যাচ পর ছন্দে ফেরা খুলনা টাইগার্সের।
তবে, ম্যাচটা ছিলো উত্তেজনা আর রোমাঞ্চের। নাটকীয়তার ম্যাচ বললেও ভুল হবে না নিশ্চয়ই। তাসকিনকে বাদ দেয়া যেমন ছিলো আলোচনার, তেমনি ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে লড়াই করা মিথুনের ৭২ রান শুরুর ব্যর্থতা ভুলিয়েছে সিলেট সানরাইজার্সের।
দলীয় ৩৪ রানে তিন উইকেটে হারানো দলকে টেনেছেন মোসাদ্দেক সৈকতও। মিথুনের সঙ্গে ৬৮ রানের জুটিতে বিপর্যয় কাটান সিলেট অধিনায়ক। ৩৪ করে মোসাদ্দেক ফিরলে ভাঙ্গে এই জুটি।
সিমন্স-এনামুলদের মতো এদিন ব্যর্থ মুক্তার আলী। শেষ পর্যন্ত ৫ উইকেটে স্কোরবোর্ডে ১৪২ রান তোলে সিলেট সানরাইজার্স।
বিপরীতে মিরপুরের রহস্য ঘেরা উইকেটকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়েছে খুলনার উদ্বোধনী জুটি। নাজুমুল অপু-মোসাদ্দেক সৈকতদের বেধরক পিটিয়ে ট্যাগ লাগিয়ে দিয়েছেন সৌম্য সরকার ও আন্দ্রে ফ্লেচার। পাওয়ার প্লেতে খুলনার স্কোরবোর্ডে বিনা উইকেটে ৬৫।
৯৯ রানের ওপেনিং জুটিতে জয় অনেকটাই নিশ্চিত খুলনা টাইগার্সের। তাই ৪৩ করা সৌম্যের উইকেট কেবল সান্ত্বনা সিলেট সানরাইজার্সের।
বাকি সময় আর বিপদ হতে দেননি ফ্লেচার-থিসারা পেরেরা, ৪৫ রানের জুটিতে। ফ্লেচার ৭১ আর ২২ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন পেরেরা।






















