প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে
- আপডেট সময় : ০২:৩০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কাল দেশজুড়ে করোনা ভাইরাসের ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কোভিড-১৯ মহামারী প্রতিরোধে চলমান টিকাদান কার্যক্রমের পাশাপাশি ‘বিশেষ এই কর্মসূচির’ কথা এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর আগেও ভ্যাকসিন ক্যাম্পেইন করা হয়েছে। এবারও ২৮ সেপ্টেম্বর এই ক্যাম্পেইন চলবে। বিশেষ এই কর্মসূচির আওতায় ৪০ বছরের ঊর্ধ্বে নারী-পুরুষ, শারীরিক প্রতিবন্ধী ও দুর্গম এলাকার বাসিন্দারা অগ্রাধিকার পাবেন। জাতীয় পরিচয়পত্র নিয়ে এলেও এই ক্যাম্পেইনে টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, মঙ্গলবার ৪ হাজার ৬০০ ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা, সিটি করপোরেশনের ৪৪৩টি ওয়ার্ডে সকাল ৯টা থেকে একযোগে টিকাদান চলবে। এছাড়া, প্রতিদিন ৬ লাখ ডোজ টিকা দেওয়া হচ্ছে। প্রান্তিক, দরিদ্র জনগোষ্ঠী ও বয়স্কদের টিকার আওতায় আনার উদ্দেশ্যে গ্রামে-গঞ্জে টিকা সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে।





















