নির্বাচিত হলে ঢাকা সিটি করপোরেশনে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন ফজলে নূর তাপস
- আপডেট সময় : ০৬:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
- / ১৬২৬ বার পড়া হয়েছে
নির্বাচিত হলে ঢাকা সিটি করপোরেশনে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস। এদিকে, নিজ দলীয় কাউন্সিলর প্রার্থীদের উপর হামলার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের উপর জনগণের কোনো আস্থা নেই।
শনিবার ছিলো আনুষ্ঠানিক প্রচারণার নবম দিন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের গণসংযোগের পরিধি।
বিএনপি প্রার্থী ইশরাক হোসেন দিনভর ঘুরে বেড়িয়েছেন নয়াবাজার, জিন্দাবাহার, চুড়িহাট্টা, ইসলামপুর, আরমানিটোলার সংকীর্ণ অলিগলি। ভোটারদের মন জয় দিয়ে যাচ্ছেন সাধ্যমত প্রতিশ্রুতি। আর জনগণের সামনে তুলে ধরছেন কারাবন্দি খালেদা জিয়ার কারাবাসের বিষয়টি।
এদিন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকা থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস। এরপর দয়াগঞ্জ ও মীরহাজীরবাগসহ ৬০, ৬১ ও ৬২ নম্বর এলাকায় গণসংযোগ করেন। প্রচারণাকালে ৫ টি সুনির্দিষ্ট পরিকাল্পনার বিষয়ে তুলে ধরেন ভোটারদের কাছে। বলেন, দুর্নীতিমুক্ত ঢাকা সিটি গড়ে তুলতে বদ্ধ পরিকর রয়েছেন তিনি। নির্বাচনী প্রচারণাকালে সংশ্লিষ্ট ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষেও ভোট কামনা করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।























