নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ডে ভোটের প্রতি আস্থা হারিয়েছে জনগণ
- আপডেট সময় : ০৪:১৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
বিদায়ী নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ডে নির্বাচনের প্রতি আস্থা হারিয়েছে সাধারণ মানুষ। ভোটারদের কেন্দ্রমুখী করতে শক্তিশালী নির্বাচন কমিশনের বিকল্প নেই বলে মনে করেন বিশিষ্টজনরা। আগামীতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সৎ, যোগ্য ও সাহসী মানুষের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের আশা করেন তারা।
নূরুল হুদা কমিশনের বিদায়ের পর কারা আসছেন নতুন নির্বাচন কমিশনের দায়িত্বে। এ নিয়ে গুঞ্জণ চলছে সবখানে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বৈঠকের পর ৩ শতাধিক নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি।
রাজনীতি পর্যবেক্ষক ডা. জাফরউল্লাহ চৌধুরী মনে করেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শুধু ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শক্তিশালী নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচনে সরকারকে বাধ্য করতে পারে বলে মনে করেন তিনি।
রাজনীতি বিশ্লেষক অধ্যাপক মুনতাসির মামুন বলেন, সার্চ কমিটির তালিকায় নিরপেক্ষ ও যোগ্য মানুষের পাশাপাশি বিতর্কিত এবং স্বাধীনতার বিপক্ষ শক্তির প্রতিনিধিও আছেন। কমিশন গঠনে আরো সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খানের মতে, বিদায়ী নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ডে নির্বাচনের প্রচলিত ধারা নষ্ট হয়েছে। মানুষের প্রত্যাশা ও আন্তর্জাতিক মহলের নজর থাকবে নতুন কমিশনের ওপর।
ইতিমধ্যে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ইসি গঠনের প্রক্রিয়ার প্রতি অনাস্থা জানিয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। নতুন নির্বাচন কমিশনের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরানোটাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা।





















