দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৫:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কোথাও কোথাও পুলিশের বাধার মুখে কর্মসূচি পালন করে দলটির নেতা কর্মীরা। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩৪ জন।
পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলাকালে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সকাল সাড়ে ১০টায় গ্রামীণ ব্যাংক সড়কে বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সকালে বিএনপি কার্যালয়ে দলীয় কর্মসূচি চলাকালে পাশের সড়ক দিয়ে আওয়ামীলীগের মিছিল যাচ্ছিলো। উভয় দলের উস্কানীমূলক স্লোগানে এই সংঘর্ষ বাধে। এতে পুলিশ ও সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ২৪জন আহত হয়েছেন।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। পরে দুপুরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হলে, লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি ও বাকবিতণ্ডা হলে, পুলিশের লাঠিচার্জে বিএনপির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে বিএনপি কার্যালয়ের সামনে নির্ধারিত মঞ্চে সমাবেশ করতে পুলিশ বাঁধা দেয়। বাধা উপেক্ষা করে উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
দুর্নীতি ও চাল,ডাল,তেল, গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যর উর্ধগতির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে বিএনপি। সদর উপজেলা ও পৌরসভার উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে মুল সড়ক উঠার আগে পুলিশের বাঁধার মুখে পড়ে। এ সময় নেতাকর্মীদের পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।





















