দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিভিন্ন জেলায় বিএনপির বিক্ষোভ
- আপডেট সময় : ০৮:৪৮:০০ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
সাভারে বিএনপির নেতাকর্মিদের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে অর্ধশতাধিক। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবীতে সকালে সাভারে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ শেষে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে এই সংঘর্ষের সূত্রপাত । একই দাবিতে দেশের আরো কয়েকটি জেলায় কর্মসূচিতে অংশ নিয়েছেন কেন্দ্রীয় নেতা ও স্থানীয় কর্মীরা। পুলিশের বাধায় পণ্ড হয়েছে নাটোরের সমাবেশ।
কেন্দ্রীয় ঘোষণা মেনে দলীয় কর্মসূচিতে যোগ দিতে সকালে দলটির জেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির জাতীয় কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতাকর্মিরা সকাল থেকেই জড়ো হন সাভারের ব্যাংক কলোনী এলাকায়। ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান সালাউদ্দিন বাবুর বাসভবনে অনুষ্ঠিত সমাবেশ শেষে দলীয় নেতাকর্মিরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা পয়েন্টে ওঠা মাত্রই পুলিশ তাদের বাঁধা দেয়। এ সময় পুলিশের সাথে নেতা-কর্মীদের বাদানুবাদের এক পর্যায়ে সংঘর্ষ ঘটলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে। সংঘর্ষের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে তৈরি হয় তীব্র যানজট।
চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে দুপুরে জামালপুরে বিক্ষোভ সমাবেশে করেছে বিএনপি। এসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমীন ফারহানা বলেন, এই সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে। অনুষ্ঠানে অংশ নেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের উর্ধ্বগতির প্রতিবাদে ডাকা নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা করে আওয়ামীলীগের নেতা-কর্মীরা। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়।
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশে সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সমাবেশে যোগ দিতে বাধা দেয় পুলিশ। দুপুরে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে পুলিশ তাঁকে বাধা দেয়।
পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করতে পারেনি বিএনপি। সকালে বনানী মোড়ের বিএনপির জেলা কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হলে দুর্বত্তরা হামলা শুরু করে পরে কাঁদানে গ্যাস ছুড়ে কর্মসূচি পন্ড করে দেয় পুলিশ।
একই ইস্যুতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে দলটির জেলা শাখা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ নেতাদের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া জেলা বিএনপি
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পুরাতন লঞ্চঘাট চত্ত্বরে বরগুনা জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। বরিশালের নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এই বিক্ষোভ সমাবেশ করে উত্তর ও দক্ষিন জেলা বিএনপি। দশ উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ-সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি’র দুই গ্রুপ। একই দাবিতে সকালে লালমনিরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি। চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। বিক্ষোভ সমাবেশ হয়েছে নওগাঁ, গাইবান্ধা, রাঙামাটি ও কুষ্টিয়ায়।





















