দুবাই এক্সপোতে শেখ হাসিনা-মাকতুম দ্বিপাক্ষিক বৈঠক
- আপডেট সময় : ০৩:৫০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সংযুক্ত আরব আমিরাতের সাথে চারটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
দুবাই এক্সিবিশন সেন্টারের অনুষ্ঠিত এ বৈঠকে উভয় নেতাই তাদের নিজ নিজ দলের নেতৃত্ব দেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। এর আগে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা জানান, তার সরকার এখন ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করছে। এই লক্ষ্যে আন্তর্জাতিক যোগাযোগে আরো সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিপুল বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী করোনা মহামারী সফলভাবে মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রশংসা করেন। এসময় শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারেরও প্রশংসা করে বলেন, কোভিড-১৯ ব্যবস্থাপনায় ঢাকাও যথেষ্ট ভাল করেছে। শেখ হাসিনা দুবাইয়ের অসাধারণ উন্নয়নের জন্য আল মাকতুমের প্রশংসা করেন।





















