ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ডিভাইডারে রঙিন ফুলের সমারোহ
- আপডেট সময় : ০৯:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
যানজট আর কোলাহলের জন্য পরিচিত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। তবে সেই ব্যস্ত সড়কই এখন রূপ নিয়েছে রঙিন এক ফুলের রাজ্যে। গাজীপুরের বিভিন্ন অংশে সড়কের মাঝের ডিভাইডারে ফুটে থাকা নানা রঙের ফুল মুগ্ধ করছে পথচারী ও যাত্রীদের। বর্ষার আগে মহাসড়কে আরো ফুলের চারা লাগিয়ে নান্দনিকতা বাড়াতে চান গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক।
যেখানে প্রতিদিন ছুটে চলে হাজারো যানবাহন, আর শোনা যায় হর্নের শব্দ, সেই ব্যস্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেই এখন ফুটে উঠেছে প্রকৃতির অপূর্ব আয়োজন। সড়কের মাঝখানে ডিভাইডারে সারি-সারি রঙিন ফুল যেন প্রকৃতি নিজেই সাজিয়ে দিয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্য।
লাল, হলুদ, বেগুনি আর সাদা রঙের ফুলে ঢাকা সড়কের মাঝখানটা। দূর থেকে মনে হয় যেন রঙিন কার্পেট বিছিয়ে রেখেছে প্রকৃতি। অনেকের কাছে দৃশ্যটি মনে করিয়ে দেয় জাপানের চেরি ফুলের রাজ্যের কথা।
গাজীপুরের চৌরাস্তা থেকে হোতাপাড়া ও শ্রীপুর অংশে এই ফুলের সমারোহ সবচে’ বেশি। প্রতিদিন এই পথে চলাচলকারী হাজারো যাত্রী, কিছু সময়ের জন্য হলেও উপভোগ করছেন এই সৌন্দর্য। অনেকে গাড়ি থামিয়ে ছবি তুলছেন, আবার কেউ মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এই রঙিন দৃশ্য।
ব্যস্ত সড়কের ধারে এই উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে সবার। তবে বর্ষার আগে মহাসড়কে ফুলের চারা লাগিয়ে নান্দনিক সড়ক তৈরি করতে চান গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক।
সব মিলিয়ে ব্যস্ত এই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এখন শুধু যাতায়াতের পথ নয়, হয়ে উঠেছে এক চোখ ধাঁধানো ফুলের রাজ্য। যা পথচলতি মানুষের মনে এনে দিচ্ছে একটুখানি স্বস্তি আর প্রশান্তি।



















