ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা জাতীয় ঈদগাহ ময়দানে সম্পন্ন
- আপডেট সময় : ০৪:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা জাতীয় ঈদগাহ ময়দানে সম্পন্ন হয়েছে। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ নয় মাস নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান তিনি।
সকালে শাহাজালাল বিমানবন্দরে মরদেহ এসে পৌঁছায়। পরে, মরদেহ নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে গার্ড অব অনার শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, হুইপ ইকবালুর রহিম, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ফজলে রাব্বী মিয়ার জামাতা বলেন, দুপুরে হেলিকপ্টারে করে মরদেহ নেয়া হবে ফজলে রাব্বীর গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটায়। সেখানে বেলা তিনটায় ভরতখালী উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে নেয়া হবে গটিয়া গ্রামে। সেখানে আরেক দফা জানাজার পর দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।













