জুলাই থেকে সাধারণ মানুষের জন্য গণটিকা দেয়া শুরু হবে: প্রধানমন্ত্রীর মূখ্য সচিব
- আপডেট সময় : ০২:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
জুলাই থেকে সাধারণ মানুষের জন্য গণটিকা দেয়া শুরু হবে বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ড. আহমদ কায়কাউস বলেন, ভ্যাকসিন কেনার জন্য বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি দেশেও উৎপদানের চেষ্টা চলছে। ভ্যাকসিনের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ ও সেমি পাকা ঘর করে দেয়া হচ্ছে। ২০জুন এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না-প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।





















