জাতীয় সরকার নিয়ে বিএনপি’র অবস্থা এখন লেজে-গোবরে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০২:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সরকার নিয়ে বিএনপি’র অবস্থা এখন লেজেগোবরে। তিনি বলেন ষড়যন্ত্রের রাজনীতির কারণে জনগণ থেকেও এখন বিছিন্ন তারা। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বনানীতে শেখ জামালের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ শেষে এ মন্তব্য করেন তিনি।
শেখ জামাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে। ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গৃহবন্দি থাকা অবস্থা থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন শেখ জামাল। পরে ভারতের আগরতলায় বাংলাদেশ লিবারেশন ফোর্সেসে যোগ দিয়ে প্রশিক্ষণ শেষে মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরে সম্মুখ সমরে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সের প্রথম ব্যাচের কমিশন্ড অফিসার লেফটেন্যান্ট শেখ জামাল।
শেখ জামালের ৬৯তম জন্মদিনে বনানী কবরস্থানে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শেখ জামালের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
পরে মহান মুক্তিযুদ্ধে শেখ জামালের ভুমিকার কথা স্মরণ করেন ওবায়দুল কাদের। এসময় বলেন, বিএনপির রক্তে বিশ্বাসঘাতকতা মিশে আছে।
বিএনপির আন্দোলন ও জাতীয় সরকার গঠন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এছাড়া জন্মদিনে সমাধিতে শ্রদ্ধা জানান যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।





















