জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী আজ
- আপডেট সময় : ০২:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী আজ। করোনার কারণে সীমিত আকারে পালিত হচ্ছে দিনটি। সকালে কবির সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এসময় দেশকে অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনায় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বক্তারা।
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধীতে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রেরণা হিসেবে ভুমিকা রেখেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বিভন্ন গান ও কবিতা।
এর আগে জাতীয় কবির সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি। ফুলেল শ্রদ্ধা জানান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান এবং কবি নজরুল গবেষণা ইনিস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন। তারা বলেন, এই মহামারির মধ্যেও কবির দর্শন ও সৃষ্টিকর্ম অন্যসময়ের মতোই প্রাসঙ্গিক ও অনুপ্রেরণার উৎস।
এছাড়া, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয় জাতীয় কবির সমাধীতে।



















