জনগণের সেবক হয়ে কাজ করতে পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৩:৪০:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
জনগণের সেবক হয়ে কাজ করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না বলে জানান সরকার প্রধান। পুলিশের সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের গৃহ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
গৃহহীন থাকবে না দেশের একটি মানুষও। প্রধানমন্ত্রীর ওই ঘোষণার প্রতিফলনেই সবার জন্য আবাসন প্রকল্পে সামিল হয়ে দেশের প্রতিটি থানায় একটি করে গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ কর্মসূচি নেয় পুলিশ।
এ কর্মসূচির আওতায় মোট ৫২০টি গৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে ৪১৫ বর্গফুট আয়তনের ৪০০ ঘর হস্তান্তর করা হয়। তিন কক্ষের প্রতিটি ঘর নির্মাণে ব্যয় করা হয়েছে আড়াই লাখ টাকা।
এছাড়া, ২০২০ থেকে পরীক্ষামূলকভাবে দেশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক চালু করে বাংলাদেশ পুলিশ।
এ সব কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজন উপকারভোগী তাদের অনুভূতি ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর কাছে।
প্রধামন্ত্রী বলেন, পিছিয়ে পড়া অনগ্রসর মানুষের অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
মানুষের আস্থা অর্জনে পুলিশ বাহিনীকে জনগনের সেবক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রযুক্তিগতভাবে পুলিশকে গড়ে তোলা হচ্ছে। প্রয়োজনে হেল্পডেস্ক থেকে আইনি সেবা দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।























