গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে থাকবে জামায়াতে ইসলামী
- আপডেট সময় : ০৮:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৫২৯ বার পড়া হয়েছে
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এমপি জানান, দেশের রাজনীতির পরিবর্তনশীল প্রেক্ষাপটে নতুন করে নিজেদের অবস্থান নির্ধারণে সক্রিয় দলটি। এসএটিভির সাথে একান্ত সাক্ষাৎকালে এ সব কথা বলেন জামায়াত নেতা। বলেন, সংসদে বিরোধী দল হিসেবে ভূমিকা পালন থেকে শুরু করে রাজপথে উপস্থিতি দুই ধারার রাজনীতিতেই প্রস্তুত জামায়াতে ইসলামী।
দেশের রাজনৈতিক অঙ্গনে অবস্থান সুসংহত করতে চায় জামায়াতে ইসলামী। দলটির দাবি সংসদে থেকে জনগণের স্বার্থ রক্ষাই তাদের প্রধান লক্ষ্য। তবে শুধু সংসদে নয়, প্রয়োজনে রাজপথেও সক্রিয় থাকবে জামায়াত।
দলটির মতে, সংসদই হওয়া উচিত জনগণের কণ্ঠস্বর তুলে ধরার প্রধান মঞ্চ। বিরোধী দল হিসেবে তাদের অঙ্গীকার জনস্বার্থ রক্ষায় সোচ্চার থাকা। তবে রাজনৈতিক বাস্তবতা যদি সংসদের ভেতরে কার্যকর ভূমিকা রাখার সুযোগ সীমিত করে, সেক্ষেত্রে বিকল্প পথ হিসেবে রাজপথকেই বেছে নেবে জামায়াত।
আগামী দিনের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে জামায়াত। নতুন নেতৃত্ব তৈরির মাধ্যমে দলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে বলে জানান হামিদুর রহমান আযাদ।
স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়নীতির ভিত্তিতে রাজনীতি করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন এই জামায়াত নেতা ।





















