কাঙ্খিত দাম না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছে চাঁদপুরের কৃষকরা
- আপডেট সময় : ০১:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
উৎপাদন খরচ বেশি ও কাঙ্খিত দাম না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছে চাঁদপুরের কৃষক। তাদেরকে আগ্রহী করতে নানা উদ্যোগ নিচ্ছে কৃষি বিভাগ। তবে, এবারও লক্ষ্যমাত্রার চেয়ে দুই’শ হেক্টর কম জমিতে আবাদ হয়েছে।
সোনালী আঁশ খ্যাত পাট চাষে এক সময় দেশের উল্লেখযোগ্য জেলা ছিলো চাঁদপুর। এখানে গড়ে ওঠে দুটি বেসরকারি জুট মিল। পাট সংরক্ষণের জন্য বিশাল আকারের গুদাম তৈরি করে সরকার। কিন্তু, আবাদে খরচ বেশি এবং ন্যায্য দাম না পাওয়ায় পাট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কৃষক।
বর্তমানে একটি জুট মিল বন্ধ রয়েছে। অন্যটি নামে মাত্র চালু আছে। সরকারি গুদামটি পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। নিজেদের ব্যবহারের প্রয়োজনে সামান্য পাট আবাদ করছে কৃষক।
কৃষককে উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নিয়েছে, কৃষি বিভাগ। কিন্তু, বিকল্প ফসলে লাভ বেশি হওয়ায় পাট চাষে কৃষকের আগ্রহ কমে গেছে বলে মনে করে তারা।
জেলার মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয় চাঁদপুর সদর ও মতলব দক্ষিণ উপজেলায়। দেশি, তোষা, কেনাফ ও মেস্তা জাতের পাট হয় এ অঞ্চলে। এবার লক্ষ্যমাত্রা ৪ হাজার ৪১০ হেক্টর জমির চেয়ে ২শ’ হেক্টর কম আবাদ হয়েছে।























