কক্সবাজারে শেষ হলো অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৭:৫৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
পর্যটন নগরী কক্সবাজারে শেষ হয়েছে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। দেশ-বিদেশের সার্ফিংয়ে লাল-সবুজের পতাকা হাতে লড়াই করা সার্ফারদের অংশগ্রহণে জমে উঠে রোমাঞ্চকর এই আয়োজন। দুই দিনব্যাপী টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। এবার প্রতিযোগিতায় আন্তর্জাতিক এবং জাতীয় মিলিয়ে শতাধিক সার্ফার ডেউয়ের যুদ্ধে লড়েছেন ২৫ জন নারী সার্ফারও।
চৈত্রের প্রচন্ড উত্তাপে নীল জলরাশীর উর্মিমালার তরঙ্গে শ্রেষ্ঠত্বের চ্যালেঞ্জে মেতেছে সাগর পাড়ের ছেলে-মেয়েরা। উত্তাল ঢেউকে জয় করে কেউ স্রোতের সাথে ছুটছে, কেউ আবার ছিটকে পড়ছে পানিতে। তারপরও বুকভরা সাহস নিয়ে ওদের লড়াইটুকু যেন থেমে যাবার নয়।
শুক্রবার সকালে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন (বিএসএ) আয়োজিত জাতীয় সার্ফিং টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
কোয়াটার, সেমি এবং ফাইনাল শেষে দেশসেরা জাতীয় সার্ফারের ট্রফি জিতে নেন কক্সবাজারের সমুদ্র সন্তান মোহাম্মদ মান্নান। একইভাবে দেশসেরা জাতীয় নারী সার্ফার হন সমুদ্র কন্যা ফাতেমা আক্তার।
জাতীয় চ্যাম্পিয়ন মান্নান-ফাতেমাদের সাফল্যে অনুপ্রাণীত নতুন সার্ফাররাও।
আর, দেশের সার্ফিংকে বিশ্বমঞ্চে আরও সমাদৃত করতে প্রতিবছরের ন্যায় এবারও এই আয়োজন করা হয়েছে বললেন বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ওয়ার্ল্ড আর্চারীর এশিয়া সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলসহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























