ইসি গঠনে সরকারের অনুসন্ধান কমিটি অর্থহীন : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৬:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ইসি গঠনে সরকারের অনুসন্ধান কমিটিকে অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
তিনি বলেন, অনুসন্ধান কমিটি ও নির্বাচন কমিশন—সবই সরকারের অধীনে হবে। এই সিদ্ধান্ত জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল আরও বলেন, কমিশন নয়, জনগণের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। এই সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি, এটা প্রমাণিত। এছাড়া, বর্তমান সরকারের চলমান ভয়াবহ অবস্থা থেকে নিস্তার পেতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বমুখী দামে মানুষের নাভিশ্বাস উঠেছে। দুর্বিষহ অবস্থা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই দলের বিএনপি’র নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে।





















