আবারও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় : ০৩:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিলো মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে বিএনপিকে নির্বাচনমুখী করতে দেশটির সহযোগিতা চাইলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠকে দেশের নির্বাচন ব্যবস্থা ঠিক আছে বলেও দাবি করেন ড. আব্দুল মোমেন। বন্ধুত্বের ৫০ বছর উদযাপনে বিশেষ দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের মধ্যে হয় এ আলোচনা।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দ্বিপাক্ষিক বৈঠক হয়। ওয়াশিংটনে পররাষ্ট্র দফতরে ঘণ্টাখানেক চলে এ বৈঠক। দুই মন্ত্রীর বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান চলাচল, রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন ব্লিংকেন। বলেন, ভবিষ্যতেও দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সব ফোরামে ঢাকার পাশে থাকবে ওয়াশিংটন। আলোচনায় রেবে ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ছিল বাংলাদেশের। তবে এর জবাবে ব্লিংকেন জানান, এর প্রক্রিয়া বেশ জটিল। এজন্য বাংলাদেশকে বেশকিছু প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শও দিয়েছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রী বঙ্গবন্ধু’র খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চাইলে বিষয়টি দেখার আশ্বাস দেয় ওয়াশিংটন।
দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয় অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গ । জবাবে নির্বাচন ব্যবস্থা সঠিক আছে বলে জানান ডক্টর মোমেন। বাংলাদেশে পূর্ণাঙ্গ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিএনপিকে নির্বাচন অংশ নেয়া প্রয়োজন। তাদের নির্বাচনমুখী করতে যুক্তরাষ্ট্রের সাহায্যও চাইলেন তিনি।























