আন্দরকিল্লা শাহী জামে মসজিদে চলছে ২৫ বছর ধরে গণ-ইফতার
- আপডেট সময় : ০৭:৪৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ১৫১৪ বার পড়া হয়েছে
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম নগরের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান এবং ঐতিহাসিক নিদর্শন। বড় খোলা চত্বর আর নকশা করা খিলানের মসজিদটি ১৬৬৭ খ্রিষ্টাব্দে মোগলদের চট্টগ্রাম বিজয়ের স্মারক হিসেবে শায়েস্তা খাঁর ছেলে বুজুর্গ উমেদ খাঁর হাতে তৈরি। দিল্লি জামে মসজিদের আদলে অনন্য স্থাপত্যে গড়া এই মসজিদ আরও একটি কারণে বিখ্যাত। আর তা হলো এখানকার গণ-ইফতার। ২৫ বছর ধরে এখানে গণ-ইফতারের আয়োজন করা হচ্ছে।
বিকেল হতেই দলে দলে মানুষ আসতে থাকেন মসজিদে। সবাই বসে পড়েন সারিবদ্ধভাবে। একপাশে স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা চলতে থাকে। গত ২৫ বছর ধরে রমজান মাসের ৩০দিন এমন আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদে। এক কাতারে ধনী-গরিব, বৃদ্ধ-শিশু, জাতি-ধর্ম নির্বিশেষে সবাই শামিল হন এই ইফতারের আয়োজনে।
২০০১ সালে ছোট পরিসরে হলেও ২০০৫ সালে পুরোদমে শুরু হয় এই আয়োজন। ১০জন বাবুর্চি প্রতিদিন ইফতারের সব উপকরণ রান্না করেন। জোহরের নামাজের পর ইসলামিক স্কলাররা আলোচনা করেন। আছরের পর থেকে আয়োজনের প্রস্তুতি শুরু হয়।
ইফতার আয়োজনের সব উপকরণই মানুষের দান থেকে আসে। সরকারের কোনো সাহায্যই নেয় না এখানকার কর্তৃপক্ষ।
রোজাদার যতই আসুক, সংকট নেই ইফতারে। মনে প্রশান্তি নিয়ে ইফতার করেন সবাই।
প্রতিদিন হাজারো মুসলমান নামাজ পড়েন এই মসজিদে।



















