আজ থেকে শুরু বাস ও ট্রেনের ঈদের অগ্রিম টিকিট বিক্রি
- আপডেট সময় : ০৮:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি। সকাল থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশন আর বাস টার্মিনালগুলোতে ছিল ঘরমুখো মানুষের ভিড়। সকাল ৮টা থেকে শতভাগ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আগামী ২১ মার্চ সম্ভাব্য ঈদের দিন ধরে টিকিট বিক্রি কার্যক্রম চলবে ৯ মার্চ পর্যন্ত। ট্রেনে পশ্চিমাঞ্চলে চলাচলের জন্য ১ দিনে ১৩ হাজার টিকিটের মধ্যে ১১ হাজার টিকেট এক ঘন্টায় বিক্রি হয়। রেল কর্তৃপক্ষ জানায় এবার টিকেট বিক্রিতে কোন ধরনের অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ঈদের এখনো বাকি বেশ কিছু দিন। তবে নাড়ির টানে শুরু হয়েছে বাড়ি ফেরার প্রস্তুতি । সকাল ঠিক ৮টায় যখন রেলের সার্ভার উন্মুক্ত হলো, শুরু হলো সেকেন্ডের লড়াই। এবারও কাউন্টারে কোনো টিকিট না থাকায় সব চোখ এখন মোবাইল আর কম্পিউটারের স্ক্রিনে।
আগামী ১৪ই মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ই মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ই মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ই মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ই মার্চের টিকিট ৮ মার্চ ও ১৯ মার্চের আগাম টিকিট ৯ মার্চ অনলাইনে পাওয়া যাবে।
পশ্চিমাঞ্চলের সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে ও পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইদ যাত্রায় ভোগান্তি কামাতে পাঁচ জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ৪০ টি কোচ থাকছে বাড়তি। ষ্টান্ডিং টিকিটও থাকছে বলে জানিয়েছেন তারা।
ট্রেনের টিকিট কিনতে যারা ব্যর্থ হয়েছেন, তাদের শেষ ভরসা এখন বাস টার্মিনাল। গাবতলী, সায়েদাবাদ আর মহাখালীতে আগাম টিকিট কিনছেন অনেকে।




















