হাওরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেবে সরকার: কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
হাওরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেবে সরকার। আউশ মৌসুমে এ প্রণোদনা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এদিকে, সুনামগঞ্জের ৬ উপজেলার ১০ থেকে ১২টি হাওর পরিদর্শন করেছে তদন্ত দল। বাঁধের কাজের অনিয়ম দুর্নীতি তদন্তে পানি সম্পদ মন্ত্রণালয়ের দলের প্রধান জানান, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সকাল সাড়ে ১০ টায় তদন্ত কমিটি হাওর অঞ্চল পরিদর্শনে যান। কমিটির প্রধান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীন বলেন, জড়িতদের শাস্তির আওতায় আনতে দ্রুত তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়া হবে। এই তদন্ত দলে অন্য সকল সদস্যরা হলেন-সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক মাহববুর রহমান, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়োয়ার উল হালিম ও পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এনায়াত উল্লাহ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলাম। এছাড়াও সুনামগঞ্জ জেলা প্রশাসকও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকে প্রধান করে ৫ সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করেছে।
অন্যদিকে, উত্তর-পূর্বের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনো ও কিশোরগঞ্জের হাওরগুলোতে পানি ঢুকে একরের পর একর ফসল নষ্ট হচ্ছে। ভারতের পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে যাওয়া ফসল উদ্ধারে দিশেহারা কৃষক।
উত্তর-পশ্চিমাঞ্চলে তিস্তা ও যমুনায় পানি বেড়ে চাষ করা মৌসুমী শস্য ডুবে গেছে। ভারতের আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের ঢল ভাসিয়ে নিচ্ছে এ অঞ্চলের কৃষকের স্বপ্ন। হাওরাঞ্চলে এ পর্যন্ত ৫ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে বলে তথ্য দিচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয়।বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের নগদ অর্থ ও কৃষিঋণ মওকুফসহ সহায়তার আশ্বাস দিচ্ছে কৃষি মন্ত্রণালয়। তথ্য অনুযায়ী, ১ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৬ হাজার ৬০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। হাওরে আকস্মিক এ বন্যায় ক্ষতি হয়েছে প্রায় ২০ হাজার মেট্রিক টন ফসলের।























