হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৯৭ জন
- আপডেট সময় : ০২:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপদেশ হাইতিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত ১ হাজার ২৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ অসংখ্য মানুষ। দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।
এদিকে হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি দেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করছেন। স্থানীয় সময় শনিবার সকালে হাইতির দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। শক্তিশালী ভূমিকম্পে বাড়ি, গির্জা, হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, হাইতির সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। জায়গাটি রাজধানী পোর্ট–অ–প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে। পোর্ট–অ–প্রিন্সেসহ প্রতিবেশী দেশগুলোতেও ভূমিকম্প অনুভূত হয়। উল্লেখ্য, ২০১০ সালের শক্তিশালী ভূমিকম্পের ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি হাইতি। ওই ভূমিকম্পে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়। দেশটির অবকাঠামো ও অর্থনীতি নিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

























