হরমুজ প্রণালি খুলে দিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি থাকবে : ট্রাম্প
- আপডেট সময় : ০৪:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালি পুনরায় সম্পূর্ণভাবে খুলে দেয় তাহলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি থাকবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আহ্বানের পর নিজের এই অবস্থানের কথা জানালেন ট্রাম্প। এছাড়া আগামী ১০ এপ্রিল পাকিস্তানে দুইদেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত বিজয় হয়েছে।
এর আগে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মঙ্গলবার রাতেই একটি পুরো সভ্যতা শেষ হয়ে যেতে পারে, যা আর কখনোই ফিরে আসবে না। এরপর ইরানকে বেঁধে দেওয়া সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়াতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে এই সময়ে ইরানকে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার অনুরোধ করেছেন তিনি। বিবিসির খবরে বলা হয়েছে, পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে আলোচনার পর ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার সঙ্গে সম্মত। এদিকে, যুদ্ধবিরতি চলাকালীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ট্রানজিট ফি আদায়ের পরিকল্পনা করছে ইরান ও ওমান।





















