সারাদেশে শুরু হয়েছে রমজানকে ঘিরে নানা প্রস্তুতি
- আপডেট সময় : ০৪:৫৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে বিশ্ব মুসলিমের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মাস। আত্মশুদ্ধি, সংযম আর সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় এক মাস সিয়াম সাধনায় মগ্ন থাকবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীসহ সারাদেশে ইতোমধ্যে শুরু হয়েছে রমজানকে ঘিরে নানা প্রস্তুতি।
পবিত্র কুরআনে রমজানকে মুসলমানদের জন্য তাকওয়া অর্জনের মাস হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসলামের পাঁচ স্তম্ভের একটি হলো রোজা। তাই আত্মসংযম, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা নিতে রোজার বিকল্প নেই।
রমজানকে সামনে রেখে মসজিদগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। তারাবির নামাজের প্রস্তুতির পাশাপাশি ধর্মীয় আলোচনার আয়োজন। খেজুর, ছোলা, বুট, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটায় ব্যস্ত মানুষ।
সংযম, সহমর্মিতা আর আত্মশুদ্ধির বার্তা নিয়ে প্রতি বছরই আসে মাহে রমজান। এই মাসে বেশি বেশি ইবাদত, দান-সদকা ও মানবিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামিক চিন্তাবিদরা।
রমজানের চাঁদ দেখা সাপেক্ষে শুরু সিয়াম সাধনা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশজুড়ে উদযাপিত হবে পবিত্র এই মাস।



















