সাগর-রুনি হত্যাকাণ্ডের ১০ বছরেও বিচার না হওয়ায় জাতিসংঘ বিশেষজ্ঞদের উদ্বেগ প্রকাশ
- আপডেট সময় : ০২:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১০ বছর পার হয়ে গেলেও বাংলাদেশ কর্তৃপক্ষ তদন্ত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনতে না পারায় জাতিসংঘের ৫ মানবাধিকার বিশেষজ্ঞ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিশেষজ্ঞরা হলেন-জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের আইরিন খান, মেরি ললর, ক্লেমেন্ট এন ভউল, নিলস মেলজার এবং মরিস টিডবল-বিঞ্জ। শুক্রবার জাতিসংঘের স্পেশাল প্রসিডিউরস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি বলা হয়েছে। বিবৃতিতে তারা বলেছেন, ‘বাংলাদেশে ভয়ংকর ও ব্যাপক দায়মুক্তির সংস্কৃতির ফলে দুই সাংবাদিক হত্যার এক দশকেও ন্যায়বিচার হয়নি। তা ছাড়া গত ১০ বছরে বাংলাদেশে অন্তত ১৫ সাংবাদিক নিহত হয়েছেন। এসব ঘটনার তদন্ত বা বিচার খুব কমই হয়েছে। কিছু ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ হামলার সঙ্গে সরাসরি জড়িত।’ বিবৃতিতে আরো বলা হয়, ২০১২ সালে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের পর জাতিসংঘের বিশেষজ্ঞদের পাঠানো চিঠির ব্যাপারে সরকারের কাছ থেকে কোনো সাড়া পাননি তারা।






















