শেরপুর থানা ঘাট থেকে ঝগড়ারচর সড়কের কাজ ফেলে উধাও ঠিকাদার
- আপডেট সময় : ০৪:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
গেলো দুই বছরের বেশি সময় ধরে থমকে আছে শেরপুর সদরের থানা ঘাট থেকে ঝগড়ারচর বাজার সড়কের প্রশস্তকরণ কাজ। সংশ্লিষ্টদের উদাসীনতায় গুরুত্বপূর্ণ এই সড়কটি আজ পরিণত চরম দুর্ভোগের কারণ। খানাখন্দে ভরা ঝুঁকিপূর্ণ এই সড়কে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, আর চরম ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। এদিকে, কাজ অসমাপ্ত রেখেই উধাও ঠিকাদারী প্রতিষ্ঠান।
শেরপুর সদরের থানা ঘাট থেকে শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজার সড়কের ৩ হাজার ৭৫০ মিটার অংশ প্রশস্তকরণের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। পরিকল্পনা অনুযায়ী, ঝগড়ারচর বাজার থেকে হেরুয়া বাজার পর্যন্ত প্রশস্ত হবে সড়কটি। দরপত্র অনুযায়ী কাজটি পেয়েছিলো বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
অভিযোগ রয়েছে, কাজটি পরিচালনা করছিলেন শেরপুরের প্রভাবশালী একটি রাজনৈতিক দলের নেতারা। কিন্তু ২০২৪সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই পালিয়েছে তারা। এরপর থেকেই বন্ধ প্রশস্তকরণের কাজ। এতদিনেও এলজিইজি কোন ব্যবস্থা নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, দিনে কোনোমতে চলাচল করা গেলেও রাতে হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ সড়ক। সরু রাস্তা, পাশে নেই ফাঁকা জায়গা। ফলে দুটি গাড়ি পারাপারের সময় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
পলাতক ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ দেওয়া কথা জানিয়েছে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
২০২৩সালের ২০ডিসেম্বর ৫ কোটি ৩৫ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে সড়কটি প্রশস্তকরণের কাজ শুরু। শেষ হবার কথা ২০২৪সালের ১৯ডিসেম্বর। শুধু সড়কের পাশে গর্ত খুঁড়ে ঠিকাদারের পালিয়ে যাওয়ায়, দুর্ভোগের সাথে দুর্ঘটনা যেনো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।






















