শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানে আরও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- আপডেট সময় : ০৩:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানে আরও বিধ্বংসী হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে, পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান হাই প্রোফাইল বৈঠক আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার রাতে ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে।
সাক্ষাৎকারে তিনি জানান, ইরানে আঘাত হানতে মার্কিন রণতরীগুলোকে অত্যাধুনিক সব মারণাস্ত্রে সজ্জিত করা হচ্ছে। বর্তমান সামরিক অবস্থানকে রিসেট বা নতুন বিন্যাস হিসেবে বর্ণনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, একটি রিসেট প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মার্কিন রণতরীগুলো এ পর্যন্ত তৈরি করা বিশ্বের সেরা সব গোলাবারুদ ও অস্ত্র দিয়ে বোঝাই করা হচ্ছে। যেগুলো আগের চেয়ে আরো বেশি উন্নত। চুক্তিতে পৌঁছাতে না পারলে, এসব অস্ত্র অত্যন্ত কার্যকরভাবে প্রয়োগের হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইসলামাবাদের শান্তি আলোচনা সফল হবে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা জানা যাবে। পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গেলো মঙ্গলবার পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান।

























