রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকতে চায় আওয়ামী লীগ : ফখরুল
- আপডেট সময় : ০৮:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
গণতন্ত্রহীনতা ও ফ্যাসিবাদের মধ্যে শক্তিশালী বিরোধী দল গড়ে ওঠে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শিগগিরই প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল দেখতে পাবেন। দুপুরে ঢাকার গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও জানান, বাংলাদেশ নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা ও মানবাধিকার রিপোর্টের প্রভাব আগামী নির্বাচনে পড়বে।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে, দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত তুলে ধরেন মহাসচিব।
খালেদা জিয়ার পুত্রবধু জোবায়দা রহমানকে মিথ্যা মামলায় জড়ানোর উদ্বৃতি দিয়ে তিনি অভিযোগ করেন, দেশের বিচার বিভাগকে ব্যবহার করে রাজনৈতিক দল নির্মূলের চক্রান্ত চলছে।
বিরোধী দল নিয়ে সরকার প্রধানের বক্তব্যের জবাব দেয়ার পাশাপাশি মার্কিন মানবাধিকার রিপোর্ট নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালনের কর্মসূচি ঘোষণা করা হয়।























