ময়লার গাড়ী দুর্ঘটনায় দুই সিটি কর্পোরেশনকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে ব্যয় কমানো ও মান বাড়ানোরও তাগিদ দিয়েছেন তিনি। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে তিনি এ নির্দেশ দেন। এছাড়া একনেক সভায়, বর্জ্য ব্যবস্থাপনা লোকালয়ের বাইরে নিয়ে সিটি কর্পোরেশনকে আরো দক্ষ চালক নিয়োগেরও নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।
মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক বৈঠক বসে ঢাকার শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে। এতে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৭ হাজার ৫০৭ কোটি টাকা ব্যয়ে এদিন ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয় একনেক।
পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, প্রকল্প বাস্তবায়নে আরো যত্নশীল হতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তিনি নগরের বর্জ্য ব্যবস্থাপনা লোকালয়ের বাইরে নেয়ার নির্দেশনা দিয়েছেন। একই সাথে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িগুলোতে দক্ষ চালক নিশ্চিতেরও নির্দেশ দেন তিনি।
পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। আর মাথাপিছু আয় ২ হাজার ৫৫৪ ডলার থেকে বেড়ে হয়েছে ২ হাজার ৫৯১ ডলার।
একনেক সভায় ১০৮ কোটি টাকা ব্যয়ে সারাদেশের ১ কোটি ৯ লাখ কৃষককে স্মার্টকার্ড দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।





















