বৃষ্টিতে ফের তলিয়ে গেছে চট্টগ্রাম
- আপডেট সময় : ১২:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
একমাসে চতুর্থবারের মতো বৃষ্টিতে তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রাম। এবার মাত্র ১১ মিলিমিটার বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় হাটুপানি থেকে কোমর পানি জমেছে। করোনার কারণে বিদেশ থেকে উন্নত যন্ত্রপাতি না আশায় এ মৌসুমে কিছুই করার নেই বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
মৌসুমী বায়ুর প্রভাবে গেল ক’দিন ধরেই থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। আবহাওয়া অফিস বলছে, রোববার সকাল ছ’টা থেকে ন’টা পর্যন্ত ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা। সামান্য এই বৃষ্টিতেই নগরীর ষোলশহর, হালিশহর, আগ্রাবাদ, চাক্তাই, খাতুনগঞ্জসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে।
বৃষ্টির পানি নির্বিঘ্নে নামতে না পারায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। যদিও বৃষ্টির সময় সাগরে ভাটা ছিলো। সিডিএ বলছে, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অনেক কাজ করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই মৌসুমে সুফল পাওয়ার সম্ভাবনা নেই।
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের বাইরের খাল ও নালা-নর্দমা পরিস্কার এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। সেগুলোর অবস্থা আরো করুণ। তবে মেয়রের দাবি, নগরবাসীর অসচেতনতায় জলাবদ্ধতা দিন দিন বাড়ছে।
বিশ্লেষকরা বলছেন, একে অন্যের ওপর দায় চাপানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন, বন্দর, ওয়াসা ও পরিবেশ অধিদফতর সমন্বিত উদ্যোগ না নিলে জলাবদ্ধতা দূর করা কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা।























