বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়িয়ে চরিত্র হননের চেষ্টা চলছে : রিজভী
- আপডেট সময় : ১০:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৩৯ বার পড়া হয়েছে
বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়িয়ে চরিত্র হননের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে এবারও দমানো যাবে না বলেও জানান তিনি। আর দলটির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম জামায়াতকে উদেশ্য করে বলেন, যাদের নির্বাচনি প্রার্থী তালিকায় কোন নারী নেই, তাদের মুখে নারীদের উন্নয়নের কথা মানায় না।রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানের পক্ষে প্রচারণা-গণসংযোগ চালিয়েছেন দলটির নেতাকর্মীরা।
নির্বাচনি প্রচারণার সময় ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম, সাম্প্রতিক জামায়াতে প্রার্থীর সেনাবাহিনীর সাথে অসদাচরণের সমালোচনা করেন।
এদিকে, নয়াপল্টনে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি গুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরকার নিচে থাকেনি। তাই অপপ্রচাররের মাধ্যমে বিএনপির মাথা নত করানো যাবে না।
এছাড়া, রুহুল কবির রিজভী জানান, বিএনপির নির্বাচনী প্রচারণার শেষ সমাবেশ ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়া পল্টনে অনুষ্ঠিত হবে।


















