বাংলাদেশের আলোচিত রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমদ আর নেই
- আপডেট সময় : ০৪:২৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের আলোচিত রাষ্ট্রপতি এবং সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি গতকাল রাত থেকেই সিএমএইচে লাইফ সাপোর্টে ছিলেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। বিচারপতি সাহাবুদ্দীনের ছোট ছেলে সোহেল আহমদ জানান, সাবেক এই রাষ্ট্রপ্রধানের জানাজা ও দাফনের বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে তিনি যেহেতু প্রধান বিচারপতি ছিলেন, তাই হাইকোর্টে একটি জানাজা হবে। পরে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজার পর ঢাকায় ফিরিয়ে এনে বনানী কবরস্থানে দাফন করা হবে; যেখানে তার স্ত্রী ও কন্যা শায়িত আছেন।
সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে রাষ্ট্রপতি করা হয়। ২০০১ সালের ১৪ নভেম্বর তিনি রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন। নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি।





















