বাংলাদেশকে এগিয়ে নিতে শতবর্ষের পরিকল্পনা নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:২৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, ৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে, প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ণ ও বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এখানেই থেমে থাকেনি সরকার, শতবর্ষের প্রোগ্রাম- ডেল্টা প্ল্যান ২১০০’ও হাতে নেয়া হয়েছে। ।সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত এ সমাবেশে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন শেখ হাসিনা। ৪২তম জাতীয় সমাবেশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৬২ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পদক তুলে দেন।
পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে আনসার ভিডিপি একাডেমিতে ‘মুজিব প্রাঙ্গণ’সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
সমাবেশে দেয়া বক্তব্যে উন্নয়নের পথে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান শেখ হাসিনা।
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা এবং কার্যাক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, ৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে, প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়নের কাজও শুরু হয়েছে।
এই বদ্বীপ অঞ্চল, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে যেন রক্ষা পায় এবং এদেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেদিকে লক্ষ্য রেখে, সেই পরিকল্পনাও নেয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, ২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা নেয়া হয়েছে যাতে বাংলাদেশের এই অগ্রযাত্রা কখনো কেউ ব্যাহত করতে না পারে।





















