প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত অন্যতম আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৯৫৬ বার পড়া হয়েছে
২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত অন্যতম আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আরিফুর রহমান রঞ্জু নামের ওই আসামিকে শুক্রবার রাতে হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আরিফুর কলারোয়া সরকারি কলেজে ছাত্রদলের নেতা ছিলেন। তিনি ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে যান। হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে সড়কপথে ঢাকায় ফিরছিলেন তিনি। পথে বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলা হয়। হামলাকারীরা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ও বোমা বিস্ফোরণ করে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এ সময় বহরে থাকা ১৫–২০টি গাড়ি ভাঙচুর করা হয়।






















