পর্যায়ক্রমে ভর্তুকি থেকে সরে আসার কৌশল বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৪:৪৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
বিভিন্ন খাতে ভর্তুকি দেয়া থেকে পর্যায়ক্রমে সরে আসার কৌশল বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির-একনেক সভায় এ নির্দেশনা দেন তিনি। বলেন, শিল্প ও ধনী এলাকায় বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি দেয়ার বিপক্ষে সরাকার।
এনইসি সম্মেলন কক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন। পরিকল্পনামন্ত্রী বলেন, সব সরকারি হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে একনেক সভায় নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বেসরকারি হাসপাতালেও একই বিষয়ে শৃঙ্খলা আনার তাগিদ দেন একনেক চেয়ারপারসন।
মন্ত্রী আরো বলেন, ফাইভ জি সেবা চালু করার পাশাপাশি ফোর জি সেবা শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া, দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু করার উদ্যোগ দ্রুত নেওয়ার কথা জানিয়েছেন বলে জানান মন্ত্রী এম এ মান্নান। সভায় ৮ হাজার ৮০৪ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।





















