নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা
- আপডেট সময় : ০১:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৭৬৩ বার পড়া হয়েছে
নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুপুরে এ নিয়ে আদেশ দেবে।
আদালতে মামলাটি করেন নিহত আলাউদ্দিনের ভাই মোহম্মদ ইমদাদ হোসেন। থানায় মামলা না নেয়ায় আদালতের দ্বারস্থ হলেন তিনি। এর আগে নিহত আলাউদ্দিনের ভাই থানায় হত্যা মামলা করতে গেলে ত্রুটির কারণ দেখিয়ে মামলা নেয়নি পুলিশ। মামলায় ছোট ভাই শাহাদত, ছেলে তাসিক মির্জাসহ আরো অজ্ঞাত ৬০ জনকে আসামী করা হয়েছে। আওয়ামী লীগের বিবদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হন সিএনজি চালক ও শ্রমিক লীগ কর্মী আলাউদ্দিন। সংঘর্ষের পর থেকে এখনও উপজেলা চেয়ারম্যান বাদল ও কাদের মির্জার সমর্থকরা মুখোমুখি অবস্থানে অনড় রয়েছেন। কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। এ অবস্থায় জনসাধারণের মাঝে বিরাজমান আতঙ্ক কাটেনি এখনও। পুলিশ বলছে, সংঘর্ষে জড়িতদের ছাড় দেয়া হচ্ছে না। গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে। বিভিন্ন স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে ৩৭ জনকে।


























