নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ আরো দু’জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ১৬১২ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুরে বাড়িতে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় এক ইউপি সদস্যসহ আরো দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে বাদল ও সোহাগকে বিকেলে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে বাদলের দুই মামলায় ২০ দিনের এবং ইউপি সদস্য সোহাগের সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিকেলে এ বিষয়ে শুনানী শেষে বিচারক মাসফিকুল হক দুই মামলায় বাদলের ৭ দিন এবং সোহাগের ৩ দিন রিমান্ড মঞ্জুর করে। এর আগে একই আদালতে মামলার স্বাক্ষী ভুক্তভোগী ওই নারীর স্বামীর ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করে। বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, সোমবার রাতে সাজুকে ঢাকার শাহবাগ থেকে এবং সোহাগকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ থানা পুলিশ। সাজু নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার ৫ নম্বর আসামী। মোজাম্মেল হোসেন সোহাগ একলাসপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। আদালতে ভুক্তভোগীর দেওয়া জবানবন্দিতে সোহাগের নাম উঠে আসায় তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি। এনিয়ে এই মামলায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রোববার রাতে মামলার এজাহারভুক্ত আসামী রহিম ও রহমত উল্যাকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন রেব নারায়নগঞ্জ ও ঢাকা থেকে গ্রেপ্তার করে মামলার প্রধান আসামী বাদল ও মূল পরিকল্পনাকারী দেলোয়ার হোসেনকে।


















