ভূমিহীনদের ঘর নির্মাণের চার মাসের মধ্যেই দেয়াল-মেঝেতে ফাটল, উড়ে গেছে ছাউনি
- আপডেট সময় : ০৫:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
নির্মাণের মাত্র চার মাসের মধ্যেই ফেটে গেছে ঘরের দেয়াল-মেঝে, উড়ে গেছে ছাউনি। জানালা খুলে যাওয়াসহ দেখা দিয়েছে বিভিন্ন সমস্যা। শংকা নিয়ে এসব ঘরে বসবাস করছে দরিদ্র মানুষগুলো। মুজিব শতবর্ষের উপহার হিসেবে পাওয়া বরাদ্দের ঘরে ভয়ে এখন অনেকে উঠতেও সাহস পাচ্ছেন না।
মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের স্থায়ী বসবাস নিশ্চিতে সারাদেশের মতো নওগাঁ জেলায়ও নির্মাণ করা হয় এসব বাড়ি। শোবার ঘর, রান্না ঘর, টয়লেটসহ রাখা হয়েছে বেশ কিছু সুবিধা।
সুবিধাভোগীদের অভিযোগ, টিন ফুটো হয়ে পানি পড়ছে ঘরে। ফেটে গেছে সীমানা প্রাচীর। সামান্য বাতাসেই উড়ে যায় ঘরের ছাউনি। বুকভরা আশা নিয়ে এলেও এখন ফিরে যাচ্ছে হৃদয়ভরা কান্না নিয়ে।
অনেক পরিবারই ঘর বরাদ্দ পাওয়ার পর একবারও আসেনি। মধ্যবিত্ত পরিবার হওয়ায় এসব ঘরে উঠতে তারা লজ্জা পাচ্ছে বলে জানায়, স্থানীয়রা।
এ অভিযোগ অস্বীকার করে জনপ্রতিনিধিরা বলেন, যাচাই-বাছাই করেই ঘর দেয়া হয়েছে। তবে, কোনো ধরনের অসামঞ্জস্য থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা বলছে প্রশাসন।
গত জানুয়ারি মাসে জেলার এক হাজার ৫৬টি ভূমিহীন পরিবারকে এসব ঘর উপহার দেয়া হয়।


















