নির্বাচন ও গণভোট সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়েছে : পর্যবেক্ষক সংস্থা
- আপডেট সময় : ০৮:৩৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়েছে বলে জানিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন পর্যবেক্ষণ সংস্হা। রোববার রাজধানীতে আলাদা প্রেস ব্রিফিংয়ে পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য জানানো হয়েছে। এসময় বলা হয়, ভোট গণনায়ও কোনো ত্রুটি ছিলো না। সারাদেশে নির্বাচনী সহিংসতায় ৩ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে।
দেশের ৮টি বিভাগ ও ৪৬টি জেলায় ২২টি পর্যবেক্ষক দল মোতায়েন করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস। ভোটগ্রহণ, গণনা ও সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করে তারা জানায়, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ধাপ নির্বাচন। তবে প্রার্থীদের সম্পদের হিসাব আরও স্বচ্ছ করা জরুরি।
এদিকে, প্রতিবন্ধী ভোটারদের অংশগ্রহণ ও ভোটকেন্দ্রে প্রবেশাধিকার নিয়ে পর্যবেক্ষণ করেছে বি-স্ক্যান। তাদের প্রতিবেদনে কিছু অসঙ্গতি ও সীমাবদ্ধতার কথা উঠে আসে।
সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পর্যবেক্ষণকারী সংগঠন রূপসা জানায়, নিধারিত সময় শেষ হয়ে যাওয়ায় ভোট দিতে পারেননি প্রায় ১৬ শতাংশ ভোটার। নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিয়ে কাজ করা আরশি ট্রাস্ট বলছে, নারীদের অংশগ্রহণ ছিল খুবই নগণ্য।
অন্যদিকে ৫০টি আসনে নির্বাচন পর্যবেক্ষণকারী সংগঠন অধিকার জানায়, সারাদেশে সহিংস ঘটনায় ৩ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রতিবেদনে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় উন্নয়নের প্রয়োজনীয়তা উঠে এসেছে। ভবিষ্যতে আরও অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও সহিংসতামুক্ত নির্বাচনই নাগরিকদের প্রত্যাশা।


















