দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত
- আপডেট সময় : ০৪:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাথী দাস।
তিনি জানান, গত ২৫ মার্চ বিকেলে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পল্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। ওইদিন রাতেই ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং পরদিন আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সব মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার পর থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। রোববার সন্ধ্যা পর্যন্ত নতুন করে কোনো মরদেহ উদ্ধার না হওয়ায় এবং আর কোনো নিখোঁজের দাবি না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
তবে উদ্ধারকারী জাহাজ হামজা ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল ঘাট এলাকায় অবস্থান করবে। প্রয়োজনে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে বলেও জানান ইউএনও। উল্লেখ্য, কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী বাসটি প্রায় অর্ধশত যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছে দুর্ঘটনার শিকার হয়। এতে মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।




















