দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা
- আপডেট সময় : ০৯:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
২০২৫ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। সংসদ অধিবেশনে বিরোধীদলীয় সংসদ সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রীর দেয়া তথ্যে, দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির মধ্যে প্রথম দশটি প্রতিষ্ঠানের ৯টি এস. আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট।
অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সংসদ সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। এসময় ঋণ খেলাপি সমস্যা সমাধানে সরকার বেশ কিছু আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে বলে জানান মন্ত্রী। এর মধ্যে রয়েছে— ব্যাংক কোম্পানি আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, অর্থ ঋণ আদালত আইন এবং দেউলিয়া বিষয়ক আইন সংশোধন। এছাড়া ভালো ঋণগ্রহীতাদের প্রণোদনা প্রদান, একজন গ্রহীতার ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং অর্থ ঋণ আদালতের জুরি বোর্ডে অভিজ্ঞ ব্যাংকারদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, খেলাপিরা যাতে রিট করে আদায় প্রক্রিয়া স্থবির করতে না পারে, সে জন্য অ্যাটর্নি জেনারেলের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বেসরকারি খাতে ‘অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়নও সরকারের প্রক্রিয়াধীন রয়েছে।


















