দেশের অর্থনীতির স্থিতিশীলতায় জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের
- আপডেট সময় : ০৮:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় জরুরি সংস্কারের তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। বৈশ্বিক সংকট অব্যাহত থাকলে আর্থিক চাপ আরও বাড়তে পারে বলে মনে করে সংস্থাটি। রাজধানীর আগারগাঁও কার্যালয়ে জরুরি সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম। তিনি বলেন, দ্রুত ও কার্যকর সংস্কার হলে ঘুরে দাঁড়ানোর সুযোগও রয়েছে বাংলাদেশের।
টানা তিন বছর ধরে মন্থর প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল ব্যাংকিং খাত সব মিলিয়ে চাপে বাংলাদেশের অর্থনীতি।বিশ্বব্যাংকের সর্বশেষ বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে বলা হয়েছে, ২০২৬ অর্থবছরে প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ৯ শতাংশে।
২০২৬ সালে মূল্যস্ফীতি ৮ দশমিক ৫ শতাংশে অবস্থান করছে। আয় বাড়ছে না, বরং কমছে মানুষের ক্রয়ক্ষমতা। ২০২২ সালে ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৪ শতাংশে।
আর্থিক খাতেও বাড়ছে ঝুঁকি। ২০২৫ সালের শেষে খেলাপি ঋণের হার ৩০ শতাংশ ছাড়িয়েছে। বেসরকারি বিনিয়োগে স্থবিরতা আর ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাড়ছে জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন, কর্মসংস্থান বাড়াতে হলে ব্যবসার পরিবেশ সহজ করা জরুরি।
রাজস্ব আয় বাড়ানো, ব্যাংক খাত সংস্কার ও বাণিজ্য নীতিতে পরিবর্তন এখন সময়ের দাবি। কর-জিডিপি অনুপাত ৭ শতাংশের নিচে নেমে যাওয়ায় সরকারের ব্যয় সক্ষমতাও কমে গিয়েছে।





















