দিনাজপুরে চলছে বোরো ধান রোপণের মহোৎসব
- আপডেট সময় : ০৪:০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
উত্তরের সবুজ জনপদ, দিনাজপুর। যে জেলায় ধানের সোনালি হাসি দিগন্ত জুড়ে। মাঠের পর মাঠ সবুজের সমারোহ। ধানের ক্ষেতে বাতাসের দোলায়, দোলে কৃষকের স্বপ্ন। কিন্তু, কৃষকের স্বপ্নের পাশেই আছে আয় আর ব্যয়ের বিরাট ফারাক। তবে ৯ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের প্রত্যাশা কৃষি অধিদপ্তরের।
জেলার ১৩টি উপজেলার বিস্তীর্ণ প্রান্তরে চলছে বোরো ধান রোপণের মহোৎসব। কৃষক-কৃষাণীরা কোমর জলে নেমে রচনা করছে আগামী দিনের অন্নভাণ্ডার। তবে, এই উৎসবের রঙ কিছুটা ফিকে করে দিচ্ছে সারের দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধি। কৃষকদের অভিযোগ, খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি বস্তা সারের দাম ২০০ থেকে ৩০০ টাকা বেশি নিচ্ছেন ডিলাররা। উৎপাদন ব্যয় বাড়ায়, বাড়ছে কৃষকের দুশ্চিন্তা।
সরকার আসে, সরকার যায়—কিন্তু ঘোরে না, কৃষকের ভাগ্যের চাকা। প্রতি বছরই বাড়ে সার ও কিটনাশকের দাম। বাড়ে, শ্রমিকের মজুরিও। কিন্তু, শুধু বাড়েনা কৃষকের আয়।
এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার জেলায় প্রায় ১ লাখ ৭২ হাজার ৭২৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে।
লক্ষ্যমাত্রা শুধু জমির পরিমাণেই নয়, উৎপাদনেও প্রায় ৯ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের প্রত্যাশা। তবে, প্রশ্ন থেকে যায়—ধানের সোনালি শীষ কি এবার কৃষকের ঘরে আনবে স্বস্তির আলো? নাকি আবারও ন্যায্য মূল্যের অনিশ্চয়তায় অধরাই রয়ে যাবে দুচোখ জোড়া স্বপ্ন ?













