থমকে গেছে রাজশাহীর প্রথম উড়ালসেতুর নির্মাণকাজ
- আপডেট সময় : ০২:৪০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
রেলের দেয়া শর্তে শেষ মুহূর্তে থমকে গেছে রাজশাহীতে প্রথম উড়ালসেতুর নির্মাণকাজ। ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা সামনে রেখে নির্মিত হচ্ছে আন্তর্জাতিকমানের এই উড়ালসেতু। এটি চালু হলে রাজশাহী নগরীতে প্রবেশ না করেও আশেপাশের জেলাগুলোতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে যানবাবহন। কিন্তু নানা কারণে মেয়াদ শেষের পরও কাজ শেষ করা যায় নি। এতে বেড়েছে দুর্ভোগ।
রাজশাহী-নাটোর মহাসড়কে রুয়েটের পূর্ব-দক্ষিণ কর্ণার হতে খড়খড়ি বাইপাস সড়কের সংযোগ হিসেবে নির্মিত হচ্ছে এই উড়ালসেতু। ৮০৫ মিটার দীর্ঘ চার লেনের এই উড়ালসেতুতে পানি, বিদ্যুৎ, গ্যাস ও টেলিফোন লাইনসহ নানা সুবিধা সংযুক্ত থাকার কথা। এরইমধ্যে শেষ হয়েছে প্রকল্প সম্পন্নের মেয়াদ। কিন্তু জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়ায় দেখা দিয়েছে জটিলতা। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ।
তবে প্রকল্প পরিচালক জানান, নির্মাণ শুরুর পর রেলওয়ের আপত্তির মুখের স্থাপনা ভেঙে রিডিজাইন করতে হয়েছে। যে কারণে প্রকল্প ব্যয় ও মেয়াদ বেড়েছে।বিশ্লেষকরা বলছেন, মহাপরিকল্পনার কথা না ভেবেই তাড়াহুড়ো করে প্রকল্প নেয়ায় এমন জটিলতার সৃষ্টি হয়েছে।
তবে আরডিএ’র চেয়ারম্যান জানিয়েছেন, সকল জটিলতা কাটিয়ে ওঠার প্রক্রিয়া এখন পর্যায়ে। নতুন অর্থবছরে টাকা বরাদ্দ পেলে তিন মাসের মধ্যেই শেষ হবে কাজ।
প্রায় এক কিলোমিটার দীর্ঘ চার লেনের এই উড়ালসেতু নির্মাণ প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছিল ২০১৩ সালে জুলাই হতে ২০২০ সালের জুন পর্যন্ত। তবে এখন তা বাড়ানো হয়েছে আরো এক বছর।





















